ইউক্রেনে পাঁচ হাজার স্টারলিংক টার্মিনাল বসিয়েছে স্পেসএক্স, ইউএসএইড

৬ এপ্রিল, ২০২২ ২৩:৪৯  
মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড ইলন মাস্কের প্রতিষ্ঠিত স্পেসএক্সের সহায়তায় ইউক্রেনে পাঁচ হাজার স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল সরবরাহ করেছে। বুধবার সংস্থাটির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। ক্যাবল সংযোগ ছাড়াই স্টারলিংকের টামিনালগুলো ব্যবহারকারীদেরকে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা গ্রহণে সহায়তা করে। সংস্থাটি জানিয়েছে, পাঁচ হাজার টার্মিনালের মধ্যে স্পেসএক্স তিন হাজার ৬৬৭টি টার্মিনাল ও ইন্টারনেট সেবা সাহায্য হিসেবে প্রদান করেছে আর বাকি এক হাজার ৩৩৩টি টার্মিনাল ইউএসএইড কিনে সরবরাহ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতমাসে জানিয়েছিলেন যে, “ইলন মাস্কের সাথে আলোচনা হয়েছে। ইউক্রেনস অতিরিক্ত স্টারলিংক টার্মিনাল পেতে যাচ্ছে”। এর আগে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হয়েছে বলে জানান মাস্ক। ইনস্টলেশন ব্যয়বহুল হলেও প্রান্তিক অঞ্চল বা যেসব অঞ্চলে ফাইবার অপটিক ক্যাবল কিংবা টেলিকম টাওয়ার নেই সেখানে ইন্টারনেটের সুবিধা প্রদান করতে পারে স্যাটেলাইট ইন্টারনেট। ডিবিটেক/বিএমটি